পিসিবি মাথায় হাত দিয়ে বসে আইপিএলের দাপটে ধ্বংসের মুখে পাকিস্তান সুপার লিগ

বিশ্বসেরা লিগের হাতছানি এড়ানো দায় আর তাই টাকার লোভে পিএসএল ছেড়ে আইপিএলে ছুটছেন বিদেশি তারকারা। গত দুই মরশুম ধরে একই সময়ে আইপিএল ও পিএসএল আয়োজিত হওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলে চোট পাওয়া ক্রিকেটারদের বিকল্প হিসেবে ডাক পেলেই তড়িঘড়ি পাকিস্তান ছাড়ছেন বশ, মুজারাবানি, শানাকাদের মতো ক্রিকেটাররা।
পেশাদার ক্রিকেটারদের কাছে পিএসএলের তুলনায় আইপিএলের চুক্তি ও পারিশ্রমিক অনেক বেশি আকর্ষণীয়। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ আগেই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্ক চিন্ন করেছিলেন। এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে ইসলামাবাদ ইউনাইটেডের চুক্তি বাতিল করেছেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। রাজস্থান রয়্যালসে যোগ দিতে তৈরি শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং লখনউ সুপার জায়ান্টে যাওয়ার দৌড়ে আছেন গুডাকেশ মোতি। এমনকি চেন্নাই সুপার কিংসের ডাকে সাড়া দিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ছাড়তে পারেন স্পেন্সার জনসনও। আইপিএলের গ্ল্যামার আর বিপুল অর্থের কাছে কার্যত অসহায় হয়ে পড়েছে পিসিবি।