১৩ হাজার ফুট থেকে মরণঝাঁপ দিয়ে ইতিহাস গড়ছেন বাংলার অকুতোভয় মেয়ে মহিমা

১৩ হাজার ফুট থেকে মরণঝাঁপ দিয়ে ইতিহাস গড়ছেন বাংলার অকুতোভয় মেয়ে মহিমা

আকাশছোঁয়া স্বপ্ন আর অদম্য সাহসের ওপর ভর করে জলপাইগুড়ির মালবাজারের মেয়ে মহিমা ছেত্রী এখন খবরের শিরোনামে। মেঘের রাজ্য থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়ে তিনি হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ১৩ হাজার ফুট উচ্চতায় ডানা মেলার এই রোমাঞ্চকর যাত্রা মোটেও সহজ ছিল না।

বাবা সেনা কর্মী হওয়ায় ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতা আর সাহসের পাঠ পেয়েছিলেন মহিমা। আইন নিয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে রিলায়েন্সের সিকিউরিটি এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত তিনি। কিন্তু পেশার গণ্ডি পেরিয়ে তাঁর মন পড়ে থাকত নীল আকাশে। নিজের জমানো টাকা আর ব্যাংক ঋণ নিয়ে পাড়ি দেন থাইল্যান্ডে। সেখানে আন্তর্জাতিক মানের কঠোর প্রশিক্ষণ শেষে অর্জন করেন স্কাই ডাইভিংয়ের ‘এ’ ক্যাটাগরি লাইসেন্স। এ পর্যন্ত ৩০টি সফল জাম্প সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছেন এই বাঙালি কন্যা।

তবে এই দামি খেলার স্বপ্নপূরণে এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে প্রয়োজন আরও ৫০০টি জাম্প এবং উন্নত সরঞ্জাম। মহিমার বিশ্বাস, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি খুব দ্রুতই বিশ্বমঞ্চে ভারতের তেরঙা ওড়াতে পারবেন। বাংলার এই অকুতোভয় মেয়ের আকাশ জয়ের গল্প এখন হাজারো তরুণীর অনুপ্রেরণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *