বারুইপুরে জমি বিবাদে ভাইয়ের চোখে অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টা, গ্রেফতার ৬

বারুইপুরে জমি বিবাদে ভাইয়ের চোখে অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টা, গ্রেফতার ৬

বারুইপুরের যোগী বটতলা এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে নৃশংসভাবে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই জেঠতুতো দাদার বিরুদ্ধে। শনিবার রাতে মমতাজ খান নামে এক ব্যক্তি তাঁর ভাই টোটন খানের চোখে আচমকা অ্যাসিড ছুড়ে মারেন এবং পরবর্তীতে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় টোটন খানকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ ও টোটনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। পরিবারের দাবি, জোরপূর্বক জমি বিক্রির চাপ দিচ্ছিলেন মমতাজ ও তাঁর আত্মীয়রা। ঘটনার রাতে বিবাদ চরমে পৌঁছালে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। এর আগেও অভিযুক্ত পক্ষ টোটনের পরিবারকে একাধিকবার মারধর করেছে বলে প্রতিবেশীরা অভিযোগ তুলেছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত গ্রামবাসীদের বাধার মুখে পড়ে। অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত মমতাজ খানসহ মোট ছয়জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় পুলিশি টহল জারি রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *