বায়ুসেনার অন্দরেই লুকিয়ে পাক চর! দেশের গোপন নথি পাচার করে ধৃত জওয়ান সুমিত

ভারতের খেয়েই বেইমানি! শত্রুদেশ পাকিস্তানের হাতে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বায়ুসেনার এক কর্মী। ধৃত সুমিত কুমার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। গোয়েন্দাদের দাবি, মোটা টাকার বিনিময়ে ২০২৩ সাল থেকে আইএসআই-এর কাছে আসাম এবং রাজস্থানের বায়ুসেনা ঘাঁটির অতি স্পর্শকাতর নথি পাচার করছিলেন তিনি।
চলতি বছরের শুরুতে রাজস্থান থেকে এক যুবককে গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দীর্ঘ জেরার পর গোয়েন্দারা নিশ্চিত হন যে বায়ুসেনার অন্দরেই কেউ তলে তলে পাকিস্তানের চরবৃত্তি করছেন। সেই সূত্র ধরেই ৩৬ বছর বয়সী সুমিতকে জালে তোলা হয়। তদন্তে জানা গেছে, চাবুয়া ও বিকানেরের মতো গুরুত্বপূর্ণ এয়ারবেসের মানচিত্র এবং সামরিক অবস্থান ইতিমধ্যেই শত্রুপক্ষের হাতে পৌঁছে দিয়েছেন তিনি। এই দেশদ্রোহী চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে জোরদার তল্লাশি শুরু করেছে রাজস্থান গোয়েন্দা বিভাগ।