ট্রাম্পের ১০০ শতাংশ নিয়ন্ত্রণে মোদী? গুজরাট থেকে রাহুলের বিস্ফোরক তোপ

ট্রাম্পের ১০০ শতাংশ নিয়ন্ত্রণে মোদী? গুজরাট থেকে রাহুলের বিস্ফোরক তোপ

ভাদোদরার ‘আদিবাসী অধিকার সংবিধান সম্মেলন’ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ শাণালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে রাহুল দাবি করেন, মোদী ডোনাল্ড ট্রাম্পের “১০০% নিয়ন্ত্রণে” রয়েছেন, তাই সংসদে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করতে পারছেন না।

রাহুল গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকার জন্য ভারতের কৃষি ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আমেরিকার বিশাল খামার ও উন্নত যন্ত্রপাতির সঙ্গে প্রতিযোগিতায় নামলে ভারতের ক্ষুদ্র কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবেন। রাহুলের কথায়, “নরেন্দ্র মোদী আপোস করেছেন, তাই তিনি সংসদে কোনো গঠনমূলক বিতর্কে অংশ নিতে পারছেন না।”

আদিবাসী ইস্যুতেও বিজেপি-আরএসএসকে বিঁধতে ছাড়েননি কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, বিজেপি ‘আদিবাসী’র বদলে ‘বনবাসী’ শব্দ ব্যবহার করে তাঁদের জল-জঙ্গল-জমিনের অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি বলেন, বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেও বিজেপি আসলে তাঁর আদর্শ ও সংবিধানের ওপর নিয়মিত আক্রমণ চালাচ্ছে।

আমেরিকার কৃষিপণ্য ভারতে প্রবেশ করলে দেশের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছেন রাহুল। তাঁর মতে, মোদীর এই ‘আপোসকামী’ নীতির খেসারত দিতে হবে সাধারণ মানুষকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *