আরজি কর লিফট দুর্ঘটনা: সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরজি কর লিফট দুর্ঘটনা: সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি উঠল। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। গত ১৯ মার্চ অরূপ বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবকের মৃত্যুর নেপথ্যে হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই আবেদনে।

প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে দাখিল করা এই আবেদনে টালা থানায় দায়ের হওয়া এফআইআর-এর তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ঘটনার সময়কার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্টে আশ্বাস দেওয়া সত্ত্বেও হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি।

তদন্তে নেমে কলকাতা পুলিশের ফরেনসিক দল লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখেছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন লিফটম্যান ও দুই নিরাপত্তা রক্ষীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিতর্কের মাঝেই সোমবার ভোরে আরজি করের বাথরুমে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *