বিজেপির ইশতেহারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মহিলাদের ৩ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি

বিজেপির ইশতেহারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, মহিলাদের ৩ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি

তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প আনতে চলেছে বলে দলীয় সূত্রে খবর। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। পাশাপাশি, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে মাসিক ৩ হাজার টাকা ভাতার প্রস্তাবও ইশতেহারে থাকার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আগামী ২৭ বা ২৮ মার্চ বিজেপির এই ইশতেহার প্রকাশিত হতে পারে। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই এই সংকল্প পত্র জনসমক্ষে আসবে। রাজ্যের ঋণের বোঝা এবং কর্মসংস্থানকে হাতিয়ার করে ভিনরাজ্যে থাকা প্রায় ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানোর প্রতিশ্রুতিও দিচ্ছে গেরুয়া শিবির।

এছাড়াও পরিকাঠামো উন্নয়নে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত হাইওয়ে নির্মাণ এবং বেহালা থেকে বালুরঘাট বিমান পরিষেবার মতো একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা থাকতে পারে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তৈরি এই ইশতেহার শাসকদলের ‘দিদির ১০ প্রতিজ্ঞা’-র মোকাবিলায় কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *