পিএসএল-এ জঙ্গি হামলার হুমকি: স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে লক্ষ্য করে চরম সতর্কতা পাকিস্তানে

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসর শুরুর মাত্র তিন দিন আগে বড়সড় জঙ্গি হামলার হুমকিতে কাঁপছে পাকিস্তান। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামাত-উল-আহরার’ এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারদের সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। বিশেষ করে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং মঈন আলির মতো আন্তর্জাতিক তারকাদের নিরাপত্তার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে এই গোষ্ঠীটি। বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে তাদের খেলোয়াড় না পাঠানোর হুঁশিয়ারি দিয়ে জঙ্গি কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, টুর্নামেন্ট রুখতে তারা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।
এই চরম উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্টিভ স্মিথ সোমবার লাহোরে পৌঁছে তাঁর দল ‘মুলতান সুলতানস’-এ যোগ দিয়েছেন। স্মিথের পাকিস্তানে আগমনকে পিসিবি নিরাপত্তার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখালেও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে সরাসরি প্রাণনাশের হুমকির ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং পুরো লাহোর ও করাচিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
২৬ মার্চ লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ‘প্রেসিডেন্সিয়াল’ স্তরে উন্নীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। পাকিস্তান প্রশাসন ও পিসিবি সর্বোচ্চ স্তরের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বেশ কিছু বিদেশি বোর্ড তাদের খেলোয়াড়দের ফিরিয়ে নেওয়ার বিষয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে। বর্তমানে গোটা পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।