ভবানীপুর থেকে মমতার নির্বাচনী প্রচার শুরু: ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্য অভিষেকের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই নিজের গড় ভবানীপুর থেকে নির্বাচনী প্রচারের দামামা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় ভবানীপুরের অহিীন্দ্র মঞ্চে দলীয় কর্মী ও কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন নির্বাচনের কৌশল ভাগ করে নেন তৃণমূল সুপ্রিমো। এই কেন্দ্রকে নিজের দীর্ঘদিনের আত্মিক যোগের জায়গা হিসেবে উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে কর্মীদের জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি নির্দেশ দেন, কলকাতার অন্যান্য সমস্ত আসনের তুলনায় ভবানীপুরে জয়ের ব্যবধান যেন সবচেয়ে বেশি হয়। এই লক্ষ্য পূরণে তিনি অন্তত ৬০ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করার টার্গেট দিয়েছেন কর্মীদের। ভবানীপুরের এই লড়াইকে দলের প্রেস্টিজ ফাইট হিসেবেই দেখছে ঘাসফুল শিবির।
আগামী ২৪ মার্চ থেকে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও মাটিগাড়া থেকে শুরু করে মালদহ, পুরুলিয়া এবং মেদিনীপুরের বিভিন্ন জেলায় জনসভা করবেন তিনি। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। রাজনৈতিক মহলের নজর এখন ভবানীপুরের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে।