দূরত্ব ও পারিবারিক সংকটে বিপর্যস্ত শিক্ষকরা, বদলির দাবিতে বিকাশ ভবনে স্মারকলিপি

২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিলের জেরে পুরনো কর্মস্থলে ফিরে যাওয়া কয়েক হাজার শিক্ষক এখন চরম অনিশ্চয়তায়। সোমবার বিকাশ ভবনে কয়েকশ শিক্ষক জমায়েত হয়ে নিজেদের আদি কর্মস্থলের পরিবর্তে বাড়ির কাছাকাছি বদলির দাবিতে স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, দীর্ঘ ১০ বছর পর পুনরায় কয়েকশ কিলোমিটার দূরের স্কুলে গিয়ে শিক্ষকতা করা তাঁদের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জন্য আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী শিক্ষকদের একাংশের অভিযোগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ভার কেন সাধারণ যোগ্য প্রার্থীদের বহন করতে হবে? অনেক শিক্ষকই বর্তমানে বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা বা সন্তানদের পড়াশোনার কারণে দূরবর্তী জেলায় গিয়ে থাকতে পারছেন না। উদাহরণস্বরূপ, নদিয়ার বাসিন্দা মনীষা চক্রবর্তী বা কলকাতার প্রতাপ মিত্রের মতো অনেকেই বাড়ি থেকে ২০০-৪০০ কিলোমিটার দূরে চাকরিতে যোগ দিতে বাধ্য হয়েছেন, যা তাঁদের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি সরকারের কাছে প্রশাসনিক বদলির আবেদন জানিয়েছে। তাঁদের মতে, এই শিক্ষকরা নির্দোষ হওয়া সত্ত্বেও ভৌগোলিক দূরত্বের কারণে শাস্তি পাচ্ছেন। অবিলম্বে মানবিক কারণে তাঁদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলে স্থায়ীকরণের ব্যবস্থা করার জন্য শিক্ষা দপ্তরের কাছে জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক সংগঠনটি।