হুথিদের নিশানায় বাব এল মান্দেব, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে হরমুজ প্রণালীর পর এবার অবরুদ্ধ হতে চলেছে বাব এল মান্দেব প্রণালী। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার তোড়জোড় শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম লাগামহীন হওয়ার পাশাপাশি ভারতসহ একাধিক দেশের সামুদ্রিক বাণিজ্যে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে প্রতিদিন প্রায় ৮৮ লক্ষ ব্যারেল তেল এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব তাদের বিকল্প ‘পূর্ব-পশ্চিম পাইপলাইন’ ব্যবহার করে ভারতের মতো দেশগুলিতে জ্বালানি সরবরাহ সচল রাখার চেষ্টা করলেও, বাব এল মান্দেব বন্ধ হলে সেই প্রচেষ্টাও মুখ থুবড়ে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে মার্কিন রণতরীর অনুপস্থিতির সুযোগ নিয়ে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।
বাব এল মান্দেব বা ‘দুর্দশার দুয়ার’ অবরুদ্ধ হলে এশিয়া ও ইউরোপের মধ্যকার পণ্য পরিবহণ মারাত্মকভাবে ব্যাহত হবে। জাহাজ সংস্থাগুলি বাধ্য হয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নয়াদিল্লির জন্য অত্যন্ত উদ্বেগজনক।