২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের তুরুপের তাস কারা? ২০ জনের তালিকায় বড় চমক

টি-২০ বিশ্বকাপে দাপট দেখানোর পর টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে আয়োজিত হতে চলা এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন নির্বাচকরা। আসন্ন আইপিএল ২০২৬-এর পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত হবে মূল স্কোয়াড।
নির্বাচকদের নজরে থাকা এই তালিকায় ৬ জন বিশেষজ্ঞ পেসার জায়গা পেলেও বাদ পড়েছেন অভিজ্ঞ মোহাম্মদ শামি। গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া সত্ত্বেও ফিটনেস ও ভবিষ্যতের পরিকল্পনায় শামিকে রাখা হয়নি বলে খবর। তবে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার জায়গা কার্যত পাকা। সেই সঙ্গে অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও হার্ষিত রানার ওপর ভরসা রাখছে বিসিসিআই।
ব্যাটিং বিভাগে অধিনায়ক শুভমান গিল ছাড়াও থাকছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও শ্রেয়াস আয়ার। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের নামও ভাবনায় রয়েছে। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ ও ইশান কিষাণের সাথে লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত কোন ১৫ জন মূল স্কোয়াডে সুযোগ পান, এখন সেটাই দেখার।