ইরানে হামলা রুখলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ সরিয়ে হঠাৎই নরম সুর ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। মার্কিন প্রেসিডেন্টের এক ঘোষণায় আপাতত স্বস্তিতে তেহরান। ট্রাম্প জানিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি পরিকাঠামোয় হামলা চালাবে না মার্কিন সেনা। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের পরই বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধের ইতি চাইছে ওয়াশিংটন?
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প দাবি করেন, গত দুদিন ইরানের সঙ্গে আমেরিকার অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরেই এই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত। আগামী দিনে দুই রাষ্ট্র আলোচনার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
তবে আমেরিকার এই নমনীয় মনোভাবকে নিজেদের জয় হিসেবেই দেখছে ইরান। তেহরানের দাবি, তাদের পাল্টা প্রত্যাঘাতের হুমকিতেই পিছু হটেছেন ট্রাম্প। কাবুলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মতে, ইরান যদি আমেরিকার লক্ষ্যে পরিণত হতো, তবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হতো। এই চরম হুঁশিয়ারির ভয়েই আপাতত সুর নরম করেছে আমেরিকা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।