আরজি করের অভিশপ্ত লিফটে মৃত্যু নিয়ে এবার সরাসরি হাইকোর্টের হস্তক্ষেপ

আরজি করের অভিশপ্ত লিফটে মৃত্যু নিয়ে এবার সরাসরি হাইকোর্টের হস্তক্ষেপ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে বিষয়টি উত্থাপন করা হলে তিনি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে।

গত শুক্রবার ভোরে অসুস্থ সন্তানকে নিয়ে শৌচালয়ে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে আটকে পড়েন অরূপবাবু ও তাঁর পরিবার। অভিযোগ, যান্ত্রিক বিকলতায় লিফটের দরজায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি। এই ঘটনায় হাসপাতালের চরম গাফিলতি ও ভঙ্গুর পরিকাঠামো নিয়ে ফের তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে।

২০২৪-এর অগস্টের সেই বিভীষিকাময় ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ আশ্বাস দিলেও বাস্তবে যে পরিস্থিতির বদল ঘটেনি, এই ঘটনা তা ফের প্রমাণ করল। উল্লেখ্য, এদিনই ট্রমা কেয়ারে স্ট্রেচার না পেয়ে বিনাচিকিৎসায় আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে, যা আরজি কর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *