আরজি কর হাসপাতালে ৭২ ঘণ্টায় জোড়া মৃত্যু, রাজ্য সরকারের ব্যর্থতায় সরব বিজেপি

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৭২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ অভিযোগ করেছেন, ‘অভয়া’ কাণ্ডের পরেও হাসপাতাল প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি। লিফটে আটকে দমদমের এক ব্যক্তির মৃত্যু এবং চিকিৎসা বিভ্রাটে অভিজিৎ সামন্তের প্রাণহানির ঘটনাকে তিনি ‘প্রাতিষ্ঠানিক ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।
বিজেপির দাবি, কোটি কোটি টাকা খরচ হলেও হাসপাতালের নূন্যতম পরিকাঠামো ও পরিষেবা তলানিতে ঠেকেছে। স্ট্রেচারের অভাব এবং রোগীদের শৌচাগারে দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করার মতো অমানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি। এই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি অভিযোগ করেছে যে, দুর্নীতির কারণেই সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন।
রাজনৈতিক প্রসঙ্গে বিমল শঙ্কর নন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে দাবি করেন। তিনি বলেন, প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানোয় রাজ্যে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন এবং নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি অবিলম্বে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।