ছোট আঙারিয়ার সেই নামেই কি কাঁপবে গড়বেতা? বামেদের প্রার্থী তালিকায় মেগা চমক

কলকাতা বামেদের তৃতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসন। পঁচিশ বছর আগের সেই অভিশপ্ত ‘ছোট আঙারিয়া’র স্মৃতি উসকে ফের ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা তপন ঘোষ। সোমবার আলিমুদ্দিন থেকে যে ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাতে এই বিতর্কিত নাম ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
২০০১ সালের ৪ জানুয়ারি রাতে ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনায় নাম জড়িয়েছিল এই নেতার। সিবিআই তদন্তে গ্রেফতার হওয়া সেই পরিচিত মুখকেই এবার পুরনো দুর্গে ফিরিয়ে আনল বামফ্রন্ট। সুশান্ত ঘোষের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত তপনকে প্রার্থী করে সিপিএম কি তাদের হারানো ‘বাহুবল’ ফিরে পাওয়ার বার্তা দিচ্ছে? রাজনৈতিক মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।
তালিকায় গড়বেতা ছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল। আলিপুরদুয়ারে এবার আরএসপি-র বদলে লড়ছে সিপিএম। কলকাতার এন্টালিতে অভিজ্ঞ আব্দুর রউফ এবং শ্যামপুকুরে ফরওয়ার্ড ব্লকের ওপর ভরসা রেখেছে দল। তবে ছোট আঙারিয়ার টাটকা ক্ষত আর তৃণমূলের ‘শহিদ দিবস’ পালনের আবহে তপন ঘোষের প্রত্যাবর্তন গড়বেতার লড়াইকে এক অন্য মাত্রায় পৌঁছে দিল।