বায়ুসেনা ঘাঁটিতে পাক গুপ্তচর চক্রের পর্দাফাঁস, গ্রেফতার অসামরিক কর্মী

আসামের চাবুয়া বায়ুসেনা ঘাঁটি থেকে সুমিত কুমার নামে এক অসামরিক কর্মীকে আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। ২০২৩ সাল থেকে সেখানে ‘মাল্টি টাস্কিং স্টাফ’ হিসেবে কর্মরত সুমিতের নাম উঠে আসে জয়সলমীর থেকে ধৃত এক পাক গুপ্তচরকে জেরার মাধ্যমে। ফোর্ট উইলিয়াম ও শিলংয়ের বায়ুসেনা সদর দফতরের সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দারা এই অভিযান চালান।

তদন্তে জানা গেছে, গত তিন বছর ধরে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি, যুদ্ধবিমান এবং মিসাইল সংক্রান্ত গোপনীয় তথ্য পাকিস্তানের কাছে পাচার করত সুমিত। বিশেষ করে চিন ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীয় সামরিক পরিকাঠামোর নকশা পাঠানোর বিনিময়ে সে আইএসআই-এর কাছ থেকে ১০ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযুক্তের কম্পিউটার থেকে মিসাইল ও যুদ্ধবিমান সংক্রান্ত স্পর্শকাতর নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। বিএসএফ ও সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য পাচারে সে একটি ব্লুটুথ ডিভাইস ব্যবহার করত বলে জানা গেছে। বর্তমানে ধৃত সুমিত কুমারকে জেরা করে এই আন্তর্জাতিক গুপ্তচর চক্রের শেকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *