ছাব্বিশের নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বামেরা, প্রচারে ময়দানে নামলেন সূর্যকান্ত মিশ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামছে সিপিআইএম। দীর্ঘ বিরতির পর দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে ফের সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে দেখা গেল। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় প্রার্থী শান্তিনাথ সাতিকের সমর্থনে আয়োজিত একটি কর্মীসভায় যোগ দেন তিনি। মূলত শূন্যের গেরো কাটিয়ে বিধানসভায় প্রত্যাবর্তনই এখন বাম শিবিরের প্রধান লক্ষ্য।

একসময়ের দাপুটে স্বাস্থ্য ও পঞ্চায়েত মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বিগত বেশ কিছু সময় ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনেও তাঁকে সেভাবে প্রচারে দেখা যায়নি। তবে ছাব্বিশের লড়াইকে বিশেষ গুরুত্ব দিয়ে ৮৬ বছর বয়সী বিমান বসুর পাশাপাশি তিনিও এখন ময়দানে। সোমবার ঘাটাল টাউন হল থেকে বিদ্যাসাগর সেতু হয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত এক মিছিলে পা মেলান এই বর্ষীয়ান নেতা।

মিছিল শেষে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করে সূর্যকান্ত মিশ্র বলেন, এই দুই শক্তিই আদতে সাম্রাজ্যবাদী এবং তাদের আদর্শগত অবস্থান অভিন্ন। তাঁর মতে, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই আলাদা কিছু নয়, বরং দুই শক্তির বিরুদ্ধেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে এবং ভোটারদের আস্থা অর্জনে বর্ষীয়ান এই নেতার ময়দানে নামা বাম শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *