বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালির ‘পোস্টার গার্ল’, পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালির ‘পোস্টার গার্ল’, পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি

সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ পিয়ালি দাস এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “আর কতদিন বিজেপির অবৈধ কর্মী হিসেবে থাকব?” এক সময়ের প্রতিবাদী এই নেত্রীর গলায় এখন চরম অবহেলার সুর। তাঁর অভিযোগ, আন্দোলনের উত্তাল সময়ে এবং লোকসভা নির্বাচনের প্রচারে দল তাঁকে সামনের সারিতে রাখলেও, বর্তমান পরিস্থিতিতে তাঁকে এবং তাঁর সঙ্গীদের পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে।

২০২৪ সালের সন্দেশখালি আন্দোলনে রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত পিয়ালি দাসের এই মন্তব্য বিজেপির অন্দরে চোরাস্রোত তৈরি করেছে। পিয়ালির দাবি, আন্দোলনের অনেক মহিলা কর্মীই ইতিমধ্যে পুরনো দল তৃণমূলে ফিরে গিয়েছেন। যারা এখনও পদ্ম শিবিরে টিকে আছেন, তাঁরা গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই পিয়ালি কার্যত ঘরবন্দি এবং সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা পলাশ সরকার আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিলেও, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের দাবি, বিজেপি রাজনৈতিক স্বার্থে মহিলাদের ব্যবহার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলনের ‘পোস্টার গার্ল’ পিয়ালি দাসের এই প্রকাশ্য আক্ষেপ ও বিদ্রোহের সুর ২০২৬-এর নির্বাচনের আগে বিজেপির সংগঠনকে বড়সড় অস্বস্তিতে ফেলেছে। আন্দোলনের কর্মীদের গুরুত্বহীন করে দেওয়ার এই অভিযোগ দলের অন্দরে কোন্দল আরও স্পষ্ট করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *