এনআরএসে ৩ বছরের শিশুর অস্ত্রোপচার ঘিরে ধুন্ধুমার, মধ্যরাতে আক্রান্ত চিকিৎসক ও নার্সরা

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে চিকিৎসারত এক তিন বছরের শিশুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। কয়েন গিলে ফেলা ওই শিশুর অস্ত্রোপচারের সময়সীমা নিয়ে তৈরি হওয়া বিবাদ মুহূর্তেই রূপ নেয় চরম অরাজকতায়। সোমবার রাত আড়াইটে নাগাদ রোগীর পরিবারের সদস্যদের হাতে হেনস্থার শিকার হন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন নিরাপত্তারক্ষীরাও।
আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি বহিরাগত আয়ারাও এই হামলায় যোগ দেয় বলে দাবি করা হয়েছে। প্রশাসনের এই উদাসীনতা ও নিরাপত্তার অভাবের প্রতিবাদে ইএনটি বিভাগে কর্মবিরতির চরম হুঁশিয়ারি দিয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালের অধ্যক্ষকে লিখিতভাবে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।