নির্বাচনের পরই কি জালে শুভেন্দু? স্থগিতাদেশ দিলেও আইনি ফাঁস আলগা করল না হাই কোর্ট

খড়দহ থানার বিতর্কিত মন্তব্য মামলায় বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা হাই কোর্ট এই মামলার তদন্তে ১২ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও স্পষ্ট জানিয়েছে যে ভোট মিটলেই পুলিশকে ফের পূর্ণ শক্তিতে তদন্ত শুরু করতে হবে। অর্থাৎ আদালতের নির্দেশে আইনি খাঁড়া ঝুলেই রইল নন্দীগ্রামের বিধায়কের ওপর।
২০২০ সালের ডিসেম্বর মাসে এক জনসভায় শুভেন্দুর করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা রুজু করেছিল। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলা থেকে পাকাপাকি রেহাই পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় আপাতত তদন্ত প্রক্রিয়া থামিয়ে রাখলেও তা চিরতরে বন্ধ করার আবেদন মঞ্জুর করেননি। আগামী জুন মাসে মামলার পরবর্তী শুনানি। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় পুলিশি তৎপরতা থেকে সাময়িক স্বস্তি পেলেও জুন মাস থেকেই ফের আইনি লড়াইয়ের মুখে পড়তে চলেছেন শুভেন্দু।