ব্যারাকপুরে সৌজন্যের রাজনীতি প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদারের আশীর্বাদ নিলেন কৌস্তুভ বাগচি

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচি মঙ্গলবার সিপিএমের প্রবীণ জননেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের বাসভবনে গিয়ে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন। অশীতিপর বাম নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন কৌস্তুভ। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের খাতিরে তড়িৎবাবু তাঁকে সুস্থ জীবন ও পেশাগত সাফল্যের আশীর্বাদ দিলেও রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে নির্বাচনী জয়ের আশীর্বাদ দিতে অস্বীকার করেন। তিনি স্পষ্ট জানান, নিজের দলের প্রার্থীর জয়ের প্রতিই তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
এদিন জনসংযোগের আবহে এক অনন্য সৌজন্যের ছবি ধরা পড়ে শিল্পাঞ্চলে। বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচি প্রচারের ফাঁকে টিটাগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রবেশ করে কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এমনকি পথে বাম প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে তাঁকে জড়িয়ে ধরে সৌজন্য প্রকাশ করেন কৌস্তুভ। প্রার্থীর দাবি, রাজনীতি নিজের জায়গায় থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তাঁর দীর্ঘদিনের পারিবারিক সংস্কার।
বিজেপি প্রার্থীর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এই ঘটনাকে কটাক্ষ করে দাবি করেন, নিশ্চিত পরাজয় জেনে বাম ভোট টানতেই বিজেপি প্রার্থী এই কৌশল নিয়েছেন। যদিও ব্যারাকপুরের সাধারণ ভোটাররা প্রার্থীরা এই পারস্পরিক সৌজন্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন। উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ যোগ্য প্রতিনিধি বেছে নেবেন বলে সব পক্ষই আশাবাদী।