কংগ্রেস ছেড়ে বিজেপিতে সন্তোষ পাঠক, চৌরঙ্গীতে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা

কংগ্রেস ছেড়ে বিজেপিতে সন্তোষ পাঠক, চৌরঙ্গীতে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বড়সড় ভাঙন ধরল জাতীয় কংগ্রেসে। সোমবার নিউটাউনে বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিলেন কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক। দীর্ঘদিনের এই কংগ্রেসী নেতার দলবদলকে ভোটের মুখে কলকাতার রাজনীতিতে কংগ্রেসের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

বিজেপিতে যোগ দিয়েই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সন্তোষ পাঠক। তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে পুলিশ ও তৃণমূল যোগসাজশ করে তাঁর জয় ছিনিয়ে নিয়েছিল। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিই একমাত্র বিকল্প শক্তি যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম। আটবারের লড়াইয়ের অভিজ্ঞতাকে সঙ্গী করেই তিনি এবার গেরুয়া শিবিরের সৈনিক হিসেবে ময়দানে নামছেন।

রাজনৈতিক মহলে গুঞ্জন, মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ ‘চৌরঙ্গী’ বিধানসভা আসনে সন্তোষ পাঠককে প্রার্থী করতে পারে বিজেপি। কাউন্সিলর হিসেবে এলাকার প্রতিটি অলিগলি এবং সাংগঠনিক সমীকরণ তাঁর নখদর্পণে থাকায় পদ্ম শিবির তাঁকে নিয়ে বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ ২২ বছরের কাউন্সিলর সন্তোষবাবুর এই দলবদল চৌরঙ্গী কেন্দ্রের নির্বাচনী লড়াইকে এক নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *