টিকিট না পেয়ে তৃণমূলে বিদ্রোহ, আইএসএফে যোগ দিয়েই দেগঙ্গার প্রার্থী মফিদুল

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (আইএসএফ) যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দেগঙ্গা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সোমবার ফুরফুরা শরিফে গিয়ে বিধায়ক নৌশাদ সিদ্দিকির হাত ধরে আইএসএফে যোগদানের পরপরই ওই কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
মফিদুলের দাবি, দীর্ঘকাল দলের জন্য লড়াই করলেও তৃণমূল তাঁকে যোগ্য সম্মান দেয়নি। বিশেষ করে ওয়াকফ আইন নিয়ে শাসক দলের অবস্থানে তিনি ক্ষুব্ধ। উল্লেখ্য, দেগঙ্গায় তৃণমূলের প্রার্থী হিসেবে তরুণ নেতা আনিসুর রহমান বিদেশের নাম ঘোষণা হওয়ার পর থেকেই মফিদুলের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। দলত্যাগের এই ঘটনায় জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে মফিদুলকে ‘গদ্দার’ ও ‘স্বার্থান্বেষী’ আখ্যা দিয়ে তৃণমূলের পক্ষ থেকে তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, মফিদুলের পরিবারকে দল অনেক সুযোগ-সুবিধা দিলেও তিনি বেইমানি করেছেন। তাঁর বিদায়ে দলের জয়ের মার্জিন আরও বাড়বে বলেও পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির।