রায়দিঘিতে অভিনব প্রচার, চা বিক্রেতার ভূমিকায় তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল

রায়দিঘিতে অভিনব প্রচার, চা বিক্রেতার ভূমিকায় তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে রায়দিঘি কেন্দ্রে প্রচারের ময়দানে চমক দিলেন তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল। সোমবার দলীয় কর্মীদের নিয়ে প্রচারের সময় তেলিপুকুর এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন এই স্কুলশিক্ষক। সেখানে নিজ হাতে চা ও বিস্কুট তৈরি করে উপস্থিত ক্রেতাদের পরিবেশন করেন তিনি। গতবারের জয়ী প্রার্থী অলোক জলদাতার পরিবর্তে এবার নতুন মুখ হিসেবে তাপস মণ্ডলকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

চায়ের দোকানে জনসংযোগের পাশাপাশি স্থানীয়দের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী। তিনি দাবি করেন, রাজ্যে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কাশীনগর ও শংকরপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান। সাধারণ ভোটার, দোকানদার এবং অটোচালকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

তৃণমূল প্রার্থীর প্রচারে এমন অভিনবত্ব দেখা গেলেও সিপিএম ও বিজেপির কর্মসূচিতে বিশেষ কোনো চমক লক্ষ করা যায়নি। বিজেপি প্রার্থী পলাশ রানা এদিন মন্দিরে পুজো দিয়ে বাইক র‍্যালির মাধ্যমে জনসংযোগ করেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী সাম্য গাঙ্গুলী কুমড়োপাড়া ও কৌতলাসহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ও কর্মিসভা করেন। রাজনৈতিক মহলের মতে, প্রচারের কৌশলে আপাতত বিরোধীদের টেক্কা দিচ্ছেন তৃণমূলের এই নতুন মুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *