ট্রাম্পের চালে বদলে যাচ্ছে সমীকরণ? ইসলামাবাদে মুখোমুখি বসছে আমেরিকা ও ইরান

ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিতের পরেই মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড়সড় মোড়। ইজরায়েলি সূত্র এবং রয়টার্সের খবর অনুযায়ী, দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এই সপ্তাহেই পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসতে পারে আমেরিকা ও ইরান। এই মেগা আলোচনার নেপথ্যে কলকাঠি নাড়ছে পাকিস্তান, তুরস্ক ও মিশর।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের ঘোষণার পর পাকিস্তানের এই এন্ট্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে ওয়াশিংটনের হয়ে আলোচনায় অংশ নিতে পারেন বলে জল্পনা তুঙ্গে। ৫ বছর মিসাইল বন্ধ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার মতো কঠিন শর্তে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরাসরি তেহরান ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। জ্যারেড কুশনার ও মার্কিন দূত স্টিভ উইটকফও পর্দার আড়ালে আলোচনা এগিয়ে নিচ্ছেন। দীর্ঘ সংঘাত থামিয়ে হরমুজ প্রণালী ও জ্বালানি পরিকাঠামো নিয়ে দুই দেশ শেষ পর্যন্ত কোনো বড় সমঝোতায় পৌঁছাতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।