বিষ্ণুপুর বিধানসভায় বামেদের বাজি লড়াকু মুখ তিতাস: হৃত জমি পুনরুদ্ধারে মরিয়া লিবারেশন

বিষ্ণুপুর বিধানসভা নির্বাচনে এবার বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়াই করছেন লড়াকু ছাত্রনেত্রী তিতাস গুপ্ত। বিশ্বভারতীর ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তিতাস বর্তমানে সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটির সদস্য। আরজি কর কাণ্ড এবং এসআইআর বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় স্থানীয় মহলে তাঁর পরিচিতি ব্যাপক। বিষ্ণুপুরে এই প্রথম লিবারেশনের প্রার্থী দিয়ে বামেরা তাদের হারিয়ে যাওয়া ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে।
নির্বাচনী প্রচারে তিতাস মূলত নারী সুরক্ষা এবং নাগরিক অধিকারের ওপর বিশেষ জোর দিচ্ছেন। তিনি জানান, ‘রাত দখল’ কর্মসূচিতে বিষ্ণুপুরের মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন। সোমবার তিনি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি শহিদ ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করে জনসংযোগ সারেন। প্রার্থীর বিশ্বাস, মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে জয় নিশ্চিত।
অন্যদিকে, বিরোধী শিবির এই লড়াইকে আমল দিতে নারাজ। বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় বিষ্ণুপুরে বামেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ উন্নয়নের নিরিখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে স্থানীয় স্তরে আদিবাসী অধিকার ও খেতমজুরদের দাবি নিয়ে দীর্ঘকাল কাজ করা তিতাস গুপ্তকে কেন্দ্র করে বাম শিবিরে নতুন আশার আলো দেখা দিয়েছে। তরুণী এই প্রার্থীর হাত ধরে বামেরা বিষ্ণুপুরে কতটা জমি শক্ত করতে পারে, সেটাই এখন দেখার।