লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মিক্সার গ্রাইন্ডার, কান্দির তৃণমূল প্রার্থীকে বড়ি উপহার বৃদ্ধার

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মিক্সার গ্রাইন্ডার, কান্দির তৃণমূল প্রার্থীকে বড়ি উপহার বৃদ্ধার

কান্দির ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। রূপপুর ঘোষপাড়ার পঁচাত্তর ঊর্ধ্ব বৃদ্ধা অপর্ণা রুজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জমানো টাকায় একটি মিক্সার গ্রাইন্ডার কিনেছেন। আগে শিল-নোড়ায় কষ্ট করে ডাল পেষাই করলেও, এখন আধুনিক যন্ত্রের সাহায্যে সহজেই বড়ি তৈরি করছেন তিনি। কৃতজ্ঞতা স্বরূপ সেই মিক্সার গ্রাইন্ডারে পেষাই করা মুসুর ডালের বড়ি প্রার্থীর হাতে তুলে দিতে আসেন ওই বৃদ্ধা।

প্রার্থী অপূর্ব সরকার বৃদ্ধাকে প্রণাম করলে তিনি আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেন। অপর্ণাদেবী জানান, প্রার্থীর সহায়তায় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় তাঁর জীবনযাত্রা সহজ হয়েছে। নির্বাচনী বিধির কারণে উপহার গ্রহণ না করলেও, বৃদ্ধার এই অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হয়ে প্রার্থী জানান যে এই সম্মান আসলে রাজ্য সরকারের প্রাপ্য। উপস্থিত মহিলারাও উলুধ্বনি ও পুষ্পবর্ষণ করে প্রার্থীকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান।

এদিন কান্দি মহকুমা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের জোরদার প্রচার লক্ষ্য করা গিয়েছে। একদিকে যেমন তৃণমূল প্রার্থীর বর্ণাঢ্য রোড-শো ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে, অন্যদিকে সিপিআই, বিজেপি ও সিপিএম প্রার্থীরাও নিজ নিজ এলাকায় জনসংযোগ ও কর্মীসভা সেরেছেন। বড়ঞা, ভরতপুর ও খড়গ্রামের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের পদযাত্রা ও প্রচার মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *