নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক ও নাম, মহুয়ার তোপের মুখে সাসপেন্ড আধিকারিক

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। ২০১৯ সালের ১৯ মার্চ মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে পাঠানো একটি পুরনো চিঠিতে বিজেপির কেরল শাখার নাম এবং ‘পদ্ম’ চিহ্নের সিলমোহর দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সরব হন মহুয়া মৈত্র। তিনি নির্বাচন কমিশন ও বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিঁধে একাধিক পোস্ট করেন। যদিও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই চিঠি জারির সময় জ্ঞানেশ কুমার কমিশনের দায়িত্বে ছিলেন না। কমিশন সূত্রে খবর, এই ঘটনাকে ‘করণিক ত্রুটি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দায়িত্বরত সংশ্লিষ্ট আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।
কেরলের স্থানীয় সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হওয়ার পর বিতর্ক আরও ঘনীভূত হয়। মহুয়া মৈত্র তাঁর পোস্টে গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। তবে বিতর্কিত ওই চিঠিটি সাত বছর পুরনো হলেও নির্বাচনের ঠিক আগে তা নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে।