আইপিএলে বিসিসিআইয়ের কঠোর আচরণবিধি, নিয়ম ভাঙলে ক্রিকেটারদের শাস্তির হুঁশিয়ারি

আসন্ন আইপিএলে ক্রিকেটারদের জন্য একগুচ্ছ কঠোর নিয়ম জারি করল বিসিসিআই। নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিষিদ্ধ করে সমস্ত ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে টিম বাসেই স্টেডিয়ামে যাতায়াত করতে হবে। এছাড়া, ৪৫ দিনের কম সময়ের সফরে ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না। এমনকি অনুশীলনের সময় বা ড্রেসিংরুমেও পরিবারের প্রবেশাধিকার থাকবে না।
মাঠের শৃঙ্খলা বজায় রাখতে বিসিসিআই জানিয়েছে, সম্প্রচারকারীদের বিজ্ঞাপনী বোর্ডে বল দিয়ে আঘাত করা যাবে না এবং নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বসা নিষিদ্ধ। অরেঞ্জ ও পার্পল ক্যাপ বিজয়ীদের নির্দিষ্ট টুপি সর্বদা পরে থাকতে হবে। পাশাপাশি, ম্যাচ চলাকালীন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঠিক জার্সি পরা বাধ্যতামূলক করা হয়েছে। জার্সির নম্বরে কোনো পরিবর্তন থাকলে তা অন্তত ২৪ ঘণ্টা আগে বোর্ডকে জানাতে হবে।
পিচ ও আউটফিল্ড সুরক্ষিত রাখতে ম্যাচের দিন মূল মাঠে অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট নেটে অনুশীলনের ব্যবস্থা থাকলেও প্রতিপক্ষ দলের নেট ব্যবহার করা যাবে না। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, যত বড় তারকাই হন না কেন, এই আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।