ক্যানিং পূর্বে প্রচারে বেরিয়েই বাধার মুখে আরাবুল, রণক্ষেত্র চন্দনেশ্বর বাজার

আসন্ন বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই সোমবার সন্ধ্যায় ক্যানিং পূর্বের চন্দনেশ্বর বাজারে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল ইসলাম। অভিযোগ, মিছিল চলাকালীন তাঁর ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন এবং দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হলে মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

হামলার প্রতিবাদে এবং ধৃত কর্মীদের মুক্তির দাবিতে আরাবুল ইসলামের নেতৃত্বে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন আইএসএফ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের পক্ষ থেকে আটক কর্মীদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে দীর্ঘ উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।

সম্প্রতি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া আরাবুল ইসলামকে ঘিরে ক্যানিং পূর্বে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। প্রথম দিনের প্রচারেই এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *