ময়নাগুড়ির তিস্তা ব্যারেজ বাংলোয় দুঃসাহসিক চুরি, খোয়া গেল বহুমূল্য আসবাব

ময়নাগুড়ির তিস্তা ব্যারেজ প্রজেক্টের বাংলোতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বাংলোর চৌকিদার পুলিন চন্দ্র রায় এসে দেখেন পেছনের গ্রিলের তালা ভাঙা। তড়িঘড়ি অফিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে দেখেন, একদল দুষ্কৃতী ভেতরে প্রবেশ করে সোফা ও ম্যাট্রেসসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এই চুরির ঘটনায় সোমবার দুপুরে তিস্তা ইরিগেশন সাব ডিভিশন ২-এর পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অফিসের পিওন বাসুদেব ঘোষ জানিয়েছেন, দুষ্কৃতীরা ভিআইপিদের জন্য রাখা বড় ব্র্যান্ডেড সোফা, চারটি ছোট সোফা, দুটি ম্যাট্রেস এবং একটি ক্যারামবোর্ড চুরি করেছে। এর আগেও এই বাংলো থেকে গ্যাস ও বাসনপত্র চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। রবিবার অফিস ছুটি থাকার সুযোগে এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
সাব ডিভিশনাল অফিসার মিতুল সমাজিক জানান, বাংলোর বাউন্ডারি ওয়াল টপকে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছিল। বর্তমানে সেখানে কোনো সিকিউরিটি গার্ড না থাকার কারণেই বারবার এমন চুরির ঘটনা ঘটছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় অফিসের কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।