অফিসার অপসারণ ইস্যু: হাইকোর্টে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সরব হলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি অভিযোগ করেন, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ একাধিক উচ্চপদস্থ পুলিশ ও আইএএস আধিকারিককে নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, এভাবে দক্ষ আধিকারিকদের অপসারিত করলে নির্বাচনের সময় কোনও বড় বিপর্যয় ঘটলে তা সামাল দেবে কে?
শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে জানান, মোট ৬৩ জন পুলিশ অফিসার, ১৬ জন আইএএস এবং ১৩ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তাঁর দাবি, এই বিপুল সংখ্যক আধিকারিককে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়ায় রাজ্যের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। বিশেষত স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদের রদবদল নিয়ে তিনি কমিশনের উদ্দেশ্য নিয়ে আদালতে সন্দেহ প্রকাশ করেছেন।
প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আইনজীবী আরও অভিযোগ করেন যে, একমাত্র পশ্চিমবঙ্গেই এই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আধিকারিকদের আগের কাজ নিয়ে কমিশনের কোনও আপত্তি না থাকলেও ভোট ঘোষণার পরই কেন এই গণ-অপসারণ, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ দাবি করা হলেও কমিশন পালটা আইনি যুক্তি পেশ করেছে।