‘আমার ঘর তোরা সামলাস’: মমতার বার্তায় ভবানীপুরের নির্বাচনী ময়দানে ফিরহাদ

‘আমার ঘর তোরা সামলাস’: মমতার বার্তায় ভবানীপুরের নির্বাচনী ময়দানে ফিরহাদ

আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র ভবানীপুর জয়ের দায়িত্ব দলের বিশ্বস্ত সৈনিকদের ওপর সঁপে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক কর্মিসভায় তিনি স্পষ্ট জানান, “আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস।” দলনেত্রীর এই বার্তার পরেই কোমর বেঁধে প্রচারে নেমেছে ঘাসফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ানোর নির্দেশের পর সোমবার সকাল থেকেই চেতলা ও ভবানীপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

মমতার হয়ে প্রধান সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের কন্যা প্রিয়দর্শিনীকে সাথে নিয়ে চেতলার অলিগলিতে প্রচার চালান তিনি। স্থানীয় মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তিকে হাতিয়ার করেই এগোচ্ছে দল। রাজনৈতিক মহলের মতে, ২৯৪টি আসনেই তৃণমূলের প্রধান মুখ মমতা হলেও, তাঁর নিজের কেন্দ্র আগলে রাখতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে নেতৃত্ব।

প্রতিপক্ষ শিবিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় ভবানীপুর এবার হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে। তবে ফিরহাদ হাকিম একে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, এই এলাকার মানুষের সাথে মুখ্যমন্ত্রীর আত্মিক টান রয়েছে, তাই কোনো চ্যালেঞ্জই এখানে কাজ করবে না। নির্বাচনী লড়াইয়ে জয় নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ানও তুলে ধরছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *