বিহারে বাঙালি বিজেপি কর্মীকে হেনস্তা, সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের

বিহারে বাঙালি বিজেপি কর্মীকে হেনস্তা, সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের

গত ১৫ মার্চ কলকাতায় প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা সেরে ফেরার পথে বিহারের কিষাণগঞ্জে চূড়ান্ত হেনস্তার শিকার হন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মী সোমনাথ বর্মন। ভুলবশত ট্রেনে কিষাণগঞ্জ স্টেশনে নেমে পড়লে তাঁকে ‘ছেলেধরা’ সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আক্রান্ত কর্মীর একটি ভিডিও পোস্ট করে শাসকদলের দাবি, বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি সমর্থককেই যদি স্রেফ বাঙালি হওয়ার কারণে গণপিটুনির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের প্রতিটি কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে যে তারা বাংলা ও বাঙালি বিদ্বেষী।

তৃণমূলের পক্ষ থেকে আরও প্রশ্ন তোলা হয়েছে যে, বিজেপি শাসিত রাজ্যে যদি একজন বাঙালি দিনমজুর কর্মীর এই দশা হয়, তবে বাংলায় তারা ক্ষমতায় এলে সাধারণ বাঙালির ভবিষ্যৎ কী হবে? রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে চিহ্নিত করতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *