আইপিএল শুরুর আগেই রিঙ্কু সিংয়ের বড় ধামাকা, উত্তরপ্রদেশ সরকারের এই পদে পেলেন নিয়োগ

কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিংয়ের মুকুটে নতুন পালক। ২০২৬ আইপিএল শুরুর আগেই সরকারি চাকরি নিশ্চিত হলো উত্তরপ্রদেশের এই ক্রিকেটারের। রিঙ্কু সিংকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ‘রিজনাল স্পোর্টস অফিসার’ হিসেবে নিয়োগপত্র দেওয়া হচ্ছে।
২৪ মার্চ লখনউয়ের লোকভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত থেকে সরাসরি এই নিয়োগপত্র গ্রহণ করবেন তিনি। স্পোর্টস কোটায় পাওয়া এই পদের জন্য রিঙ্কুর মাসিক বেতন হতে পারে ৫০ থেকে ৬০ হাজার টাকা, যার মধ্যে ডিএ এবং এইচআরএ-সহ অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত থাকবে।
রিঙ্কু সিং ছাড়াও প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে পদকজয়ী আরও ছয়জন আন্তর্জাতিক ক্রীড়াবিদকে এদিন সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। এদের মধ্যে হকিতে ব্রোঞ্জ জয়ী রাজকুমার পাল গাজিপুরের ডিএসপি এবং প্যারা অলিম্পিকে সোনা জয়ী প্রবীণ কুমার গৌতমবুদ্ধ নগরের ডিএসপি হিসেবে নিযুক্ত হচ্ছেন। আপাতত মাঠের প্রস্তুতির পাশাপাশি জীবনের এই নতুন ইনিংস নিয়েও উচ্ছ্বসিত কেকেআর তারকা।