ইরানে হামলার দায় প্রতিরক্ষা সচিবের ওপর চাপালেন ট্রাম্প, ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের আবহে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের উসকানি ও প্ররোচনাতেই ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্পের মতে, ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতেই পিট এই পদক্ষেপের পক্ষে ছিলেন। তবে প্রেসিডেন্টের এই মন্তব্যে প্রতিরক্ষা সচিবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের অন্দরেও এই হামলা নিয়ে মতভেদ প্রকাশ পেয়েছে। খোদ ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ প্রশাসনের একাংশ বিদেশে এ ধরনের সামরিক অভিযানের বিরোধী ছিলেন বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে মার্কিন রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সংঘাত নিরসনে ট্রাম্প জানিয়েছেন, গত দুদিনে ইরানের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার ওপর ভিত্তি করে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোয় সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এই আলোচনা পুরো সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে।