রাজ্যে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন: জেলা আধিকারিকদের কড়া বার্তা কমিশনের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার এবং কমিশনারদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। ৯ মার্চ রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার যে হিংসামুক্ত ও ভয়হীন পরিবেশের বার্তা দিয়েছিলেন, এই বৈঠকে তারই প্রতিফলন ঘটেছে।
বৈঠকে মূলত ইভিএম ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে এবং ভোটারদের প্রলুব্ধ করার জন্য বেআইনি আর্থিক লেনদেন বা মদের ব্যবহার রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনাররা জেলা আধিকারিকদের সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলার প্রয়োগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন।
কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের প্রতিটি ধাপে কড়া নজরদারি রাখা হবে। আগামী ২৫ মার্চ বেলা ১১টা থেকে প্রতিটি বিভাগীয় সদরে রিটার্নিং অফিসারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সোমবারের এই তৎপরতা স্পষ্ট করে দিয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র অশান্তি বরদাস্ত করবে না কমিশন। ভোটারদের জন্য একটি নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।