৯ মাস গ্যাস সিলিন্ডার বুক না করলেই বড় বিপদ

দেশের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি এলপিজি সংযোগের ওপর কড়া নজরদারি শুরু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, টানা ৯ মাস বা তার বেশি সময় ধরে যারা সিলিন্ডার রিফিল করেননি, তাদের সংযোগ আপাতত ‘সাসপেন্ড’ বা স্থগিত করে দেওয়া হচ্ছে। মূলত গ্যাসের অপব্যবহার রুখতে এবং ভুয়া সংযোগ চিহ্নিত করতেই এই কঠোর পদক্ষেপ।
আপনার গ্যাস সংযোগ বন্ধ হয়ে গেলে দুশ্চিন্তার কিছু নেই। পুনরায় পরিষেবা চালু করতে গ্রাহককে নিজস্ব গ্যাস এজেন্সিতে গিয়ে নতুন করে KYC ফর্ম পূরণ করতে হবে। এর সাথে আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুকের কপি জমা দিতে হবে। বায়োমেট্রিক বা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই হওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংযোগটি আবার সক্রিয় হয়ে যাবে। এরপর থেকে আগের মতোই নিয়মিত সিলিন্ডার বুক করা সম্ভব হবে।
গ্যাস পরিষেবাকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।