নিউ ইয়র্কে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৩৩০ ফুট দূরে ছিটকে পড়েও অলৌকিক রক্ষা এয়ার কানাডা ক্রুর

নিউ ইয়র্কে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৩৩০ ফুট দূরে ছিটকে পড়েও অলৌকিক রক্ষা এয়ার কানাডা ক্রুর

নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার কানাডা এক্সপ্রেসের দুই পাইলট। রবিবার গভীর রাতে মন্ট্রিল থেকে আসা CRJ-900 বিমানটি রানওয়েতে থাকা একটি দমকলের ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের তীব্রতায় বিমান ও ট্রাক উভয়ই রানওয়ের ওপর দিয়ে ছিটকে যায়। এই দুর্ঘটনায় পাইলট অ্যান্টোইন ফরেস্ট এবং ম্যাকেনজি গান্থার ঘটনাস্থলেই নিহত হন এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এই ভয়াবহ বিপর্যয় থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন সোলাঞ্জ ট্রেম্বলে নামে এক কেবিন ক্রু। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের অভিঘাতে তিনি নিজের আসনে বেল্ট দিয়ে বাঁধা অবস্থাতেই বিমান থেকে প্রায় ৩৩০ ফুট দূরে ছিটকে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর পায়ে একাধিক হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। সোলাঞ্জের মেয়ে সারা লেপিন এই ঘটনাকে ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ ও অলৌকিক’ বলে বর্ণনা করেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৪ নম্বর রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাককে অন্য একটি বিমানের সহায়তায় যাওয়ার জন্য রানওয়ে অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়ই অবতরণ করা বিমানটির সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক বিমান পরিষেবা ও নিরাপত্তার বিষয়ে এই ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *