নির্বাচনী বিধি লঙ্ঘন রুখতে তৎপর কমিশন, বাংলায় ১৮১ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত

নির্বাচনী বিধি লঙ্ঘন রুখতে তৎপর কমিশন, বাংলায় ১৮১ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত

রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ ও অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তল্লাশি অভিযানে এখন পর্যন্ত মোট ১৮১ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের নগদ, মদ, মাদক দ্রব্য এবং সোনা উদ্ধার করা হয়েছে। অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যজুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে কমিশন।

বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধেও ব্যাপক অভিযান শুরু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলি থেকে ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার পোস্টার ও ব্যানার সরানো হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় এখন পর্যন্ত ৬৭টি অবৈধ অস্ত্র ও ৩৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। ৫২ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মধ্যে প্রায় ২৯ হাজার অস্ত্র জমা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ হাজার ৮৭৯টি ফ্লাইং স্কোয়াড এবং ২ হাজার ২১৩টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে। হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *