বাতাসের বিষে নীল হচ্ছে পৃথিবী! বিশ্বজুড়ে দূষণে শীর্ষস্থানে পাকিস্তান আর ভারতের এই শহর

নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে বাড়ছে দূষণের দাপট, আর সেই বিষাক্ত বাতাসের কবলে পড়ে ভয়াবহ পরিস্থিতির মুখে দক্ষিণ এশিয়া। সম্প্রতি সুইৎজারল্যান্ড ভিত্তিক সংস্থা ‘আইকিউএয়ার’ (IQAIR) ২০২৫ সালের যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে দূষণের নিরিখে বিশ্বতালিকায় শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। তবে চমকে দেওয়ার মতো তথ্য হলো, দেশের নিরিখে পাকিস্তান প্রথম হলেও বিশ্বের সবথেকে দূষিত শহরের শিরোপা জুটেছে ভারতের কপালে।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ
আইকিউএয়ার-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১৪৩টি দেশের বাতাসের গুণমান পরীক্ষা করে দেখা গেছে যে ১৩০টি দেশই স্বাস্থ্যকর বাতাসের মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এই তালিকায় পাকিস্তানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে তাজাকিস্তান। গত বছর শীর্ষে থাকা ‘চাদ’ এবার নেমে গেছে চতুর্থ স্থানে। ভারত এই তালিকায় রয়েছে ষষ্ঠ অবস্থানে।
বিপৎসীমার ১৩ গুণ ওপরে বিষাক্ত কণা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিয়ম অনুযায়ী, বাতাসে সূক্ষ্ম কণা বা পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের কম থাকলে তা নিরাপদ। কিন্তু পাকিস্তানে এই মাত্রা নিরাপদ সীমার চেয়ে প্রায় ১৩ গুণ বেশি। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের মাত্র ১৩টি দেশ (যেমন অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, এস্তোনিয়া ও পানামা) বাতাসের এই সুস্থ মান বজায় রাখতে পেরেছে।
বিশ্বের সবথেকে দূষিত শহর এখন ভারতে
শহরের নিরিখে বিচার করলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। মহারাষ্ট্রের ‘লোনি’ শহর এখন বিশ্বের সবথেকে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে পিএম ২.৫-এর গড় মাত্রা ১১২.৫ মাইক্রোগ্রাম, যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিনের জিনজিয়াং প্রদেশের হোটান শহর। চাঞ্চল্যকর তথ্য হলো, বিশ্বের সবথেকে দূষিত ২৫টি শহরের সবকটিই ভারত, পাকিস্তান ও চিনে অবস্থিত।
যদিও লাওস, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো গত বছরের তুলনায় দূষণ নিয়ন্ত্রণে কিছুটা উন্নতি করতে পেরেছে, তবুও দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কপালে ভাঁজ পড়ছে পরিবেশবিদদের।