বিজেপি প্রার্থীর সঙ্গে মাখামাখি না কি দলবিরোধী কাজ! নিউটাউনের শাহ আলমকে নিয়ে চরম সিদ্ধান্ত নিল তৃণমূল

বিজেপি প্রার্থীর সঙ্গে মাখামাখি না কি দলবিরোধী কাজ! নিউটাউনের শাহ আলমকে নিয়ে চরম সিদ্ধান্ত নিল তৃণমূল

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেসুরো ছিলেন তিনি। বারবার সতর্ক করার পরেও থামেনি শাসকদলের বিরুদ্ধে বিষোদগার। অবশেষে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন রাজারহাট-নিউটাউনের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, শাহ আলমের সঙ্গে ঘাসফুল শিবিরের আর কোনো সম্পর্ক নেই।

ঘটনার সূত্রপাত সোমবার। নিউটাউন থানায় শাহ আলমকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার খবর পেয়ে সেখানে সপার্ষদ হাজির হন এলাকার বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া। তৃণমূল কর্মীকে কেন আটকে রাখা হয়েছে, তা নিয়ে সওয়াল করেন তিনি। পুলিশের কাছে শাহ আলমের নিঃশর্ত মুক্তির দাবিও জানান বিজেপি প্রার্থী। এই ‘অস্বাভাবিক ঘনিষ্ঠতা’ এবং প্রকাশ্য মেলামেশাকেই চূড়ান্ত বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব।

তাপস চট্টোপাধ্যায়ের কথায়, শাহ আলম দলের কোনো বড় পদে না থাকলেও সাধারণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বিপদে পড়লে দলের কাউকে না জানিয়ে সরাসরি বিরোধী প্রার্থীর শরণাপন্ন হওয়া এবং দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাঁর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের মুখে নিউটাউনের এই রাজনৈতিক সমীকরণ ঘিরে এখন তুঙ্গে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *