বিতর্ক ছাপিয়ে নতুন জীবনে বাদশা, ইশা রিখির সঙ্গে বিয়ের ছবি ভাইরাল

জনপ্রিয় র্যাপার বাদশার দ্বিতীয় বিয়ের গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গান নিয়ে চলা আইনি বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছে। প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পর অভিনেত্রী ইশা রিখির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত মিলেছে। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভাইরাল হওয়া ছবিগুলোতে বাদশাকে বাদামি কুর্তা ও সোনালি সাফার চিরাচরিত বরবেশে দেখা গেছে। পাশে লাল সালোয়ার কামিজে সজ্জিত ছিলেন ইশা। কনের মা পুনম রিখি নিজের ইনস্টাগ্রামে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে ছবিগুলো পোস্ট করেন। ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের উপস্থিতিতে তাঁদের মালাবদল ও বিয়ের রীতি পালনের দৃশ্য নেটিজেনদের নজর কেড়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে বাদশা ও ইশা সম্পর্কে ছিলেন। ২০১৩ সালে অভিনয় জগতে পা রাখা ইশা ২০১৮ সালে ‘নবাবজাদে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এর আগে বাদশা ও তাঁর প্রাক্তন স্ত্রী জ্যাসমিনের একটি কন্যাসন্তান রয়েছে, যারা বর্তমানে লন্ডনে প্রবাসী। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তাঁরা ২০২৪ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন করেছিলেন।