কেন শুধু পশ্চিমবঙ্গেই এত সমস্যা? সুপ্রিম কোর্টে ভোটার তালিকা মামলায় তুলকালাম

কেন শুধু পশ্চিমবঙ্গেই এত সমস্যা? সুপ্রিম কোর্টে ভোটার তালিকা মামলায় তুলকালাম

নিউজ ডেস্ক

২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) মামলা ঘিরে রণক্ষেত্র সুপ্রিম কোর্টের এজলাস। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্যের আইনজীবীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করেন যে, সোমবার প্রায় ২৬ লক্ষ নামের একটি নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়নের শেষ দিন। এত বিশাল তালিকা এই স্বল্প সময়ে যাচাই করা কার্যত আসাম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর জবাবে প্রধান বিচারপতি পরামর্শ দেন, রাজনৈতিক দলের নেতারা যেন দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে যোগাযোগ করেন।

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যান্ত্রিক ত্রুটির অভিযোগ তুলে জানান, অতিরিক্ত তালিকাগুলো ঠিকমতো ডাউনলোড করা যাচ্ছে না। কমিশনের দ্রুত কাজ শেষ করার প্রচেষ্টাকেই তিনি এই বিপত্তির কারণ হিসেবে দায়ী করেন। অন্যদিকে, নির্বাচন কমিশন জানায় তারা প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করতে প্রস্তুত।

শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানান, ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে বিচারকরা দিনরাত কাজ করছেন। পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস-এর সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি। আইনজীবী মেনকা গুরুস্বামী ভোটার তালিকায় নাম তোলার সময়সীমা বা ‘ফ্রিজ ডেট’ বাড়ানোর আবেদন জানিয়েছেন। ১ এপ্রিল পরবর্তী শুনানিতেই নির্ধারিত হবে মনোনয়ন বা নাম তোলার ক্ষেত্রে আদালত কোনো চূড়ান্ত ছাড় দেয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *