আইপিএল ইতিহাসে রেকর্ড চুক্তি: ১৫,৩০০ কোটি টাকায় মালিকানা বদল রাজস্থান রয়্যালসের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে বৃহত্তম ব্যবসায়িক চুক্তির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রেকর্ড ১৫,৩০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। বর্তমান মালিক মনোজ বাদালের নেতৃত্বাধীন ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংসের হাত থেকে মালিকানা যাচ্ছে মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে। ১.৬৩ বিলিয়ন ডলারের এই মেগা চুক্তির ফলে চলতি মরশুমেই নতুন মালিকানায় মাঠে নামবেন রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালরা।
সূত্রের খবর, রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে কলম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনারস (সিপিসিপি) ১৬,০০০ কোটি টাকার প্রস্তাব দিলেও মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার জটিলতার কারণে তা প্রত্যাখ্যাত হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে কাল সোমানির প্রস্তাবটি গ্রহণ করে রাজস্থান বোর্ড। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে মনোজ বাদালের হাতে, বাকি অংশীদার হিসেবে রয়েছেন ল্যাচলান মারডক ও রেডবার্ড ক্যাপিটাল।
ব্র্যান্ড ভ্যালুর নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রীড়া লিগ আইপিএলে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যের দলবদল। এর আগে সিভিসি ক্যাপিটালস ৫,০২৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সের সিংহভাগ শেয়ার কিনেছিল। ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থানের এই বিশাল দর লিগের ক্রমবর্ধমান আকাশছোঁয়া জনপ্রিয়তাকে আবারও প্রমাণ করল। সোমানি ছাড়াও আরও চারজন বিনিয়োগকারী জয়পুরের এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে ছিলেন।