নির্বাচনী কাজে ব্যক্তিগত গাড়ি আটক নিয়ে ধুন্ধুমার, ব্যারাকপুরে হেনস্তার শিকার অভিনেতা অরিত্র

মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার পথে রথতলায় অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বণিকের ব্যক্তিগত গাড়ি আটকায় পুলিশ। কর্তব্যরত ট্রাফিক পুলিশ জানায়, আসন্ন নির্বাচনের কাজের জন্য তাঁর গাড়িটি রিিশন করা হচ্ছে। এই ঘটনায় অরিত্র প্রতিবাদ জানালে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় এক ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেতা।
অরিত্রর দাবি, ২০০৬ সালের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি ও বাণিজ্যিক গাড়ি ব্যবহারের পর অত্যন্ত প্রয়োজনে জেলা নির্বাচনী আধিকারিক চিঠি পাঠিয়ে ব্যক্তিগত গাড়ি চাইতে পারেন। আইন না মেনে মাঝরাস্তায় এভাবে গাড়ি আটকানো বেআইনি ও ‘জলদস্যুতার’ শামিল। এই ঘটনার প্রতিবাদে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনার ও জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আইন অনুযায়ী, নির্বাচনের প্রয়োজনে প্রশাসন যে কোনো যানবাহন রিিশন করতে পারে। তবে সাধারণত প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হয়। বিশেষ পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ি চাওয়া হলে মালিককে নির্দিষ্ট নোটিস ও ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। সাধারণ মানুষের আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকায় পুলিশি হয়রানির শিকার হতে হয় বলে অভিনেতা অভিযোগ করেন।