পশ্চিম এশিয়ার সংকটে উদ্বিগ্ন ভারত, রাজ্যসভায় সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদীর

পশ্চিম এশিয়ায় চলমান ইরান-মার্কিন সংঘাত নিয়ে রাজ্যসভায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি করেছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ভারত সরকার নিরন্তর ইরান, ইজরায়েল এবং আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি পর্যালোচনায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং উত্তেজনা প্রশমনই এখন ভারতের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোতে প্রায় এক কোটি ভারতীয় কর্মরত রয়েছেন, যাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া, হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোদী সতর্ক করেছেন যে, এই যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, যা কাটিয়ে উঠতে বিশ্বের দীর্ঘ সময় লাগবে।
বর্তমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ‘টিম ইন্ডিয়া’র ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি রাজ্যগুলিকে কালোবাজারি রুখতে এবং পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা যেন দরিদ্রদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠিন সময়ে দ্রুত সংস্কার ও সম্মিলিত প্রচেষ্টাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে।