বালুরঘাটে বিজেপির হাইভোল্টেজ প্রচার: ‘পাল্টানো দরকার’ স্লোগানে সরগরম ২৪ নম্বর ওয়ার্ড

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বালুরঘাটে জোরকদমে জনসংযোগ শুরু করলেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। সোমবার, ২৩ মার্চ বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার চালান তিনি। প্রচারে প্রার্থীর সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসংযোগ চলাকালীন প্রার্থী রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। সাধারণ মানুষের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” আগামী ২৩ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি জোরালো আহ্বান জানান।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা প্রার্থীর কাছে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচন যত এগিয়ে আসছে, বালুরঘাটের রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছে। নিজেদের শক্তি প্রদর্শনে এবং জনসমর্থন আদায়ে কোনো খামতি রাখছে না গেরুয়া শিবির।