মিডিল ইস্টে চরম উত্তেজনা! ইরানের পরমাণু শক্তি নিয়ে বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্টের

ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘের মাঝেই ইরানকে নিয়ে বড় বয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর বিন্দুমাত্র আস্থা নেই জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, আগের শাসনামলে ওবামা প্রশাসনের পরমাণু চুক্তি বাতিল না করলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলত। ট্রাম্পের দাবি, আমেরিকার তৎপরতায় ইরানের পরমাণু ক্ষমতা এখন পুরোপুরি ধ্বংসস্তূপ।
যুদ্ধবিরতি ও আলোচনা প্রসঙ্গে ট্রাম্প জানান, জেডি ভ্যান্স, মার্কো রুবিও এবং জ্যারেড কুশনারের মতো ঘনিষ্ঠরা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তবে ইরানের নেতৃত্ব নিয়ে তাঁর মন্তব্য ছিল রীতিমতো আক্রমণাত্মক। তিনি বলেন, “আমরা ওদের সব নেতাদের খতম করেছি। ওরা নতুন নেতা বেছে নেওয়ার চেষ্টা করেছিল, আমরা তাদেরও শেষ করেছি। এখন এক নতুন গোষ্ঠীর সঙ্গে কথা হচ্ছে, দেখা যাক তারা কেমন ফল দেয়।”
হোরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এমন প্রশ্নে ট্রাম্পের সাফ জবাব, “আমরা যা চাইব, নিয়ন্ত্রণ তার ওপরই থাকবে।” তিনি আরও যোগ করেন যে ইরান ইতিমধ্যেই পরমাণু অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, বর্তমানে ইরান সম্পূর্ণ কোণঠাসা— তাদের কাছে নেই কোনো শক্তিশালী নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা কার্যকর মিসাইল সুরক্ষা কবচ।